মিথ্যা তথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি এবং নৈতিক মান বজায় রেখে গণমাধ্যম পরিচালনায় উৎসাহিত করতে জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২ জুলাই) যমুনায় ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট সেফটি বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনশেলাহ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন ড. ইউনূস। তিনি বলেন, আমাদের মূল সমস্যা ভুয়া তথ্য, গুজব, ফেক নিউজ। এর কিছু ছড়াচ্ছে দেশের বাইরে থাকা মানুষ, কিছু ছড়াচ্ছে দেশীয় লোকজন। এটি এক প্রকার অবিরাম বোমাবর্ষণ।

তিনি জাতিসংঘকে আহ্বান জানান, তারা যেন এসব বিষয়ে সরকার ছাড়াও গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন।

‘আপনারা জাতিসংঘ। আপনাদের কথা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আপনাদের সহায়তা প্রয়োজন’- বলেন ড. ইউনূস।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা আরও বলেন, শুধু ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, নিয়মিত প্রচারমাধ্যম থেকেও অনেক ভুয়া তথ্য ছড়ায়। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তবে তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা বিশ্বাসযোগ্য নয়।

পূর্ববর্তী নিবন্ধ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস, থাকবে সাধারণ ছুটি
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান