নিউজ ডেস্ক
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে ব্যাংক খাত থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এক লাখ ১২ হাজার কোটি টাকা নেওয়া হবে ব্যাংকিং ব্যবস্থা থেকে। ফলে সরকারের অভ্যন্তরীণ ঋণের প্রধান উৎস হিসেবেই থাকছে ব্যাংক খাত।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর বিপরীতে মোট বাজেট ঘাটতি ও অর্থায়নের প্রয়োজন হবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমান।
ঘাটতি অর্থায়নের জন্য বৈদেশিক ও অভ্যন্তরীণ— দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। বৈদেশিক উৎস থেকে নিট এক লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অভ্যন্তরীণ উৎস থেকে আগামী অর্থবছরের বাজেটে ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ১২ হাজার কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের এক লাখ ১৮ হাজার কোটি টাকার তুলনায় কিছুটা কম। এরপরও বাজেটে অভ্যন্তরীণ অর্থায়নের সবচেয়ে বড় উৎস হিসেবেই থাকছে ব্যাংক খাত।
সরকার এককালীন পুরো অর্থ ঋণ নেয় না, বরং সারা বছর ধরে ধাপে ধাপে ঋণ নেয়। তাই বাজেট বাস্তবায়নের সময় বেসরকারি খাতের ঋণ চাহিদা, ঋণ প্রবৃদ্ধি এবং আমদানি চাহিদার গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।— সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে সরকার শেষ পর্যন্ত সেই লক্ষ্যের মধ্যে থাকতে পারেনি। যে কারণে সংশোধিত বাজেটে ব্যাংক ঋণের পরিমাণ বাড়িয়ে এক লাখ ১৮ হাজার কোটি টাকা করা হয়। এ হিসাবে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ৮ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে।
আগামী অর্থবছরে ব্যাংক-বহির্ভূত উৎস থেকে সরকারের ঋণ গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে সরকারের ব্যাংক-বহির্ভূত ঋণের পরিমাণ কমবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বেসরকারি খাতের জন্য চাপ সৃষ্টি করবে কি না, তা মূলত ব্যাংক খাতের তারল্য পরিস্থিতির ওপর নির্ভর করবে। ব্যাংকগুলোর তারল্য পর্যাপ্ত থাকলে সরকারের ঋণ গ্রহণে বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কথা নয়।
তিনি বলেন, সরকার এককালীন পুরো অর্থ ঋণ নেয় না, বরং সারা বছর ধরে ধাপে ধাপে ঋণ নেয়। তাই বাজেট বাস্তবায়নের সময় বেসরকারি খাতের ঋণ চাহিদা, ঋণ প্রবৃদ্ধি এবং আমদানি চাহিদার গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এই অর্থনীতিবিদ বলেন, যদি দেখা যায় বেসরকারি খাতে ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ছে, তাহলে সরকারের উচিত হবে ব্যাংক খাতের ওপর অতিরিক্ত নির্ভর না করে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের বিষয়টি বিবেচনা করা। এক্ষেত্রে সিকিউরিটাইজেশন, বৈদেশিক ঋণ বা অন্যান্য অর্থায়ন উৎস ব্যবহার করা যেতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি কৌশলগতভাবে পরিচালনা করতে হবে, যাতে সরকারের বড় অঙ্কের ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়। এজন্য ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি বিবেচনায় রেখে বাজেট বাস্তবায়নের সময় প্রয়োজন হলে ঋণ গ্রহণের কৌশল পুনর্বিবেচনা করা উচিত।
বাজেটে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে এক লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা ভবিষ্যতে বেসরকারি খাতের ঋণপ্রাপ্তির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ।


