নিজস্ব প্রতিবেদক
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৭ অক্টোবর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস জানিয়েছে, আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০-এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাও এর আওতাভুক্ত থাকবে।
জরুরি মেরামত কাজ চলাকালে এসব এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।


