নিউজ ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছেন।
তিনি জানান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও পরিবেশসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি সদস্যদের অবদানের প্রশংসা করা হয়েছে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, আঞ্চলিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিভিন্ন বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: বাসস


