বিকেলে বসছে ক্রয় কমিটির বৈঠক, আসতে পারে তেল কেনার বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবিলায় বড় ধরনের তেল আমদানির সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে ১৭ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল কেনার প্রস্তাব আজ অনুমোদনের জন্য উঠছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ৫টা ১৫ মিনিটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলো উপস্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলে পরবর্তী ধাপে সরকারি ক্রয় কমিটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। রাজধানীসহ বিভিন্ন এলাকায় তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ভোক্তাদের মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে পাম্পভিত্তিক সরবরাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব উপস্থান করা হতে পারে।

এছাড়া ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল এবং কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি-এর কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির প্রস্তাব উপস্থান করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বৈশ্বিক অস্থিরতার মধ্যে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন পেলে স্বল্প সময়ের মধ্যেই আমদানি কার্যক্রম শুরু হতে পারে।

এর আগে ৩২ মার্চ অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সরসরি ক্রয় পদ্ধতিতে কেনার অনুমোন দেওয়া হয়। সেই সঙ্গে ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শীর্ষ ব্যবসায়ীরা