নিজস্ব প্রতিবেদক
বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
এসময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তার প্রথম সফর।
তার সফর ঘিরে বগুড়াবাসী এ জেলার উন্নয়নে নানা প্রত্যাশা করছেন। দীর্ঘ প্রায় দুই দশক পর পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ই-বেইলবন্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এরপর বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের।
শহরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি সেখানে পৌঁছে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করবেন। এরপর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান এবং দুপুর ১টা ৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।


