ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রাজধানী ধানমন্ডি আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০নং রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনের মুখে জানতে পারি নিহত ব্যক্তি মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। দীর্ঘদিন বেকার ও আর্থিক অভাব অনটনের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণে আত্মহত্যা করেছেন কি না বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জাবেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

পূর্ববর্তী নিবন্ধদূরপাল্লার বাসে ভাড়া ৮ পয়সা, শহরে ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধগুজব ছড়ানোর আগেই শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ