দ্বাদশ সংসদ নির্বাচনের গেজেট প্রকাশ আজ, শপথ বুধবার

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা হয়েছে। ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে আজ। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরই মধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

এছাড়া একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে। শপথগ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে ১১ আসনে, স্বতন্ত্র প্রার্থী জিতেছে ৬২ আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে দুটি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে।

এই নির্বাচনের ফলাফলের গেজেট এখনো প্রকাশ করা হয়নি। আজ মঙ্গলবারের মধ্যেই গেজেট প্রকাশের জন্য কাজ চলছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।

সাধারণত বেশি আসন পাওয়া দলের সংসদ সদস্যরা প্রথমে এবং এরপর পর্যায়ক্রমে অন্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধ৯ মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন মির্জা ফখরুলের
পরবর্তী নিবন্ধনির্বাচনবিরোধী প্রোপাগান্ডায় ৭ মিলিয়ন ডলার দিয়ে লবিস্ট নিয়োগ