দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, দেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দিল্লির প্রভাব রয়েছে। তিনি বলেন, দেশের রাজনীতির যত গণ্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জেনেভা কনভেনশন, বন্দি বিনিময় আইনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দিল্লিতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও ন্যায্য সম্পর্ক চাই। কিন্তু কোনো দেশ যদি বারবার বাংলাদেশের রাজনীতি, সরকার ও জাতীয় স্বার্থের পরিপন্থি পদক্ষেপ নেয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, বিষয়টি ট্রাইব্যুনাল, আইন ও সরকারের এখতিয়ারভুক্ত। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন , বিএনপি এখন সংস্কার নয়, সংশোধনের কথা বলছে। অথচ তাদের ঘোষিত ৩১ দফার প্রথম দফাতেই সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের অঙ্গীকার ছিল। তিনি অভিযোগ করেন, এ অবস্থান পরিবর্তনের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করতে পারেনি।

দেশের চলমান সংকট নিরসনে সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করা উচিত। অন্যথায় রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধটকশোতে অনেকে হাসিনার সাফাই গাওয়ার চেষ্টা করছেন: রিজভী
পরবর্তী নিবন্ধঢাকায় রাতে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমার আভাস