দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না এলে ‘শাহবাগ ব্লকেড’ করবেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন না দিলে ১২টা ১ মিনিট থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচি চলবে বলে ঘোষণা করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আজ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারকে সহযোগিতা করেছি। এ সহযোগিতাকে যদি দুর্বলতা ভাবেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ধৈর্যের একটা সীমা আছে। আমরা খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে পড়ে আছি। সময়মতো নামাজ পড়তে পারছি না, সময়মতো খেতে পারছি না, ওয়াশরুম নেই। খোলা আকাশের নিচে শহীদ মিনারে আমাদের শিক্ষকদের রাতযাপন করতে হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের এ কষ্ট যদি সরকার আরও বেশি দীর্ঘায়িত করে তাহলে কিন্তু প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখা সম্ভব হবে না।

কর্মসূচি ঘোষণা করে অধ্যক্ষ আজিজী বলেন, আমরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল বুধবার দুপুর ঠিক ১২টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, ঠিক ১২টা ১ মিনিট থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালিত হবে। আমরা দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করবো।

বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে সারাদেশ থেকে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নিচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ জনের হংকংয়ের সঙ্গে ড্র করলো বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে চূড়ান্ত জুলাই সনদ