তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালে বিশ্ব সরকার সম্মেলনে (ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট) যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

একইসঙ্গে মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

আগামী ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৭ দুবাইয়ে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’।
বিশ্ব সরকার সম্মেলন আন্তর্জাতিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এতে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং সরকারি প্রশাসনে উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও চিন্তাবিদসহ সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬ হাজারের বেশি।

বৈশ্বিক অগ্রগতি ত্বরান্বিত করতে অভিন্ন লক্ষ্য ও কৌশল নির্ধারণের উদ্দেশ্যে প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত
পরবর্তী নিবন্ধগঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের