নিজস্ব প্রতিবেদক
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তবে অসমাপ্ত অবস্থায় ৬ ডিসেম্বর পরবর্তী সময়ে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় নির্ধারণ করা হয়।
ড. মুহাম্মদ ইউনূস ষষ্ঠ বারের মতো শ্রম আদালতে হাজির হন বৃহস্পতিবার। তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে অংশ নিতে দুপুর ২টার দিকে আদালতে হাজির হন তিনি। এরপর বিকেল ৫টা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। আদালতের কার্যক্রম শেষ হলে ড. ইউনূস আইনজীবীদের সঙ্গে বেরিয়ে যান।
আদালতে ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এসএম মিজানুর রহমান।
অপরদিকে, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
এর আগে ১৬ নভেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানার আদালতে বাদীপক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর ২০ নভেম্বর ড. ইউনূসের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।


