ডেঙ্গুতে আটজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৩২ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগেই (সিটি করপোরেশন বাদে) দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা বিভাগে ৫ জন রয়েছেন।

অন্যদিকে, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) সর্বোচ্চ ২৮০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, বরিশাল বিভাগে ২০৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ৫৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৫৬ জন এবং মোট মারা গেছেন ২১৪ জন। চলতি বছরে আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর হার ৬২.৪ শতাংশ এবং নারী রোগীর হার ৩৭.৬ শতাংশ। আর মোট মৃতের মধ্যে ৫৩.১ শতাংশ নারী এবং ৪৬.৯ শতাংশ পুরুষ রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষকদের পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র: মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধরাড্ডা এমসিএইচ ভাঙচুর : পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে