জুলাইয়ের চেতনা ধারণ করে পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ এবং দেশকে কখনোই ‘ক্লায়েন্ট স্টেট’-এ পরিণত হতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এ সময় জুলাই আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জানান।

তিনি বলেন, আন্দোলনের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট এবং সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন ছিল স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে নৃশংস অধ্যায়গুলোর একটি। সে সময় বিদেশে অবস্থান করে তিনি জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছিলেন বলেও উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তার সামনে তিনটি বড় চ্যালেঞ্জ ছিল—প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা, সরকারের স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক উত্তরণ সম্পন্ন করা। এসব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও নির্বাচনকে উৎসবমুখর ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন। নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে মৎস্য দপ্তর অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু