জেলা প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২০)। স্বজনরা জানিয়েছেন, তারা তিনজন বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে পাশের উপজেলা দেওয়ানগঞ্জের একটি মেলা দেখতে যাচ্ছিলেন। অন্যদিকে দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
পথে পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সোহেল গুরুতর আহত হন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে পড়ে থাকতে দেখা যায়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


