জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ২৭তম তলায় শীর্ষ পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

পাশাপাশি জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে, বিশেষ করে শান্তিরক্ষায় বাংলাদেশের অব্যাহত ও জোরালো অবদানের বিষয়েও মতবিনিময় করেন উভয় নেতা।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘের সার্বিক সহযোগিতা ও সমর্থনের ওপর জোর দেন।

একই সঙ্গে বহুপাক্ষিকতাবাদ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বে শান্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের অবিচল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের পরীক্ষিত সহযোগিতার সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৈঠকে অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে একদিনে ঢুকল রেকর্ড ৭৮১ জন অভিবাসনপ্রত্যাশী