নুর উদ্দিন, সুনামগঞ্জ :

ছাতকে প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন দুটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিরাপত্তাব্যবস্থার ঘাটতিতে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, অরক্ষিত নির্মাণসামগ্রী, বেরিয়ে থাকা রড এবং সতর্কতামূলক সাইনবোর্ড ও ব্যারিকেডের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন ও পথচারীরা।

জানা যায়, ছাতক থেকে গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। কাজটি করছে এমএম বিল্ডার্স। অন্যদিকে গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হচ্ছে ১৬৪ কোটি টাকা। কাজ করছে ওটিবিএল।

ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এবং ঝাওয়া এলাকাসহ বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি গর্তে পড়ে দৈনিক মানবকণ্ঠের ছাতক প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। কয়েক দিন আগে ঝাওয়া এলাকায় শাফি নামের এক দুবাই প্রবাসীও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।
এমএম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক রাহাত আহমদ বলেন, নিরাপত্তাব্যবস্থা ও গর্ত ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।
ওটিবিএলের প্রকল্প ব্যবস্থাপক সজল আহমদ বলেন, দুই দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছেন। রোড সাইনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন বলেন, গর্তগুলো শিগগিরই ভরাট করা হবে।


