চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ নিহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই প্রাণ হারিয়েছেন তিনজন।

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মাহমুদা আক্তার, একই ইউনিয়নের হানিবাড়ি বাজার পাড়া গ্রামের সাদিয়া খাতুন ও মোবারকপুর ইউনিয়নের মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জে বাড়ি সংলগ্ন আমবাগানে বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। সদর উপজেলার আতাহারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন আব্দুল্লাহ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া নাচোলে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারান সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ও নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাগুলো নিশ্চিত করেন।
প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধজাতিসংঘে বাংলাদেশের গৌরব, খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন