বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে ‘বীরত্ব’ সিনেমা। চিকিৎসকের বীরত্বের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন নবাগত পরিচালক সাইদুল ইসলাম রানা। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইমন ও নিশাত নাওয়ার সালওয়া। এটি নিশাতের অভিষেক চলচ্চিত্র।
পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, ‘‘দেশের প্রায় সব বড় বড় সিনেমা হলে ‘বীরত্ব’ মুক্তি পেয়েছে। শুরুতে ৩৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হলেও, পরে আরেকটি বেড়ে মোট ৩৪টি হয়েছে। আশা করছি, সবগুলো প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া পাবো।’’
অভিষেক চলচ্চিত্রের মুক্তি প্রসঙ্গে নিশাত নাওয়ার সালওয়া বলেন—‘এই সিনেমা দর্শকদের গল্পের সঙ্গে একাত্ম করবে। সিনেমাটিকে সবাই খুব আপন ভেবেছি; রাতদিন এক করে টানা ২৪ ঘণ্টাও পরিশ্রম করেছি। শতভাগ দিয়ে অভিনয় করেছি। এ ছাড়া সিনেমাটিতে নতুনত্ব রয়েছে। এ সময়ে দর্শক যেমন গল্পে চান, ঠিক তেমন গল্প নিয়েই দর্শকদের সামনে আসছি। মুক্তির আগে ভয় লাগলেও সিনেমার গল্পের জোরে নিজের মনেও জোর পাচ্ছি।’
সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘সবার তো সবাইকে পছন্দ হবে না। তারপরও বলব, সিনেমাটি দেখুন।’ ‘বীরত্ব’ প্রথম মুক্তি পেলেও এটি নিশাতের অভিনীত তৃতীয় সিনেমা। এর আগের দুটি সিনেমা এখনো মুক্তি পায়নি।
‘বীরত্ব’ সিনেমায় ছোট পর্দার নন্দিত অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিমকে খলচরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো তারা সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও অভিনয় করেছেন—জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, সাবিহা জামান প্রমুখ।
সিনেমাটিতে একটি আইটেম গান রয়েছে। এতে প্রথমবার আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন রঞ্জন দত্ত। এটি পরিবেশনা করেছে দ্য অভি কথা চিত্র।


