কিশোরগঞ্জে পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তারা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খবর নিয়ে জানা যায়, অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন তারা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধহরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ওয়ানডে: বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি