ওমান উপকূলে জাহাজে ‘রহস্যজনক হামলা’

আন্তর্জাতিক ডেস্ক

ওমান উপকূলে একটি জাহাজে রহস্যজনক হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষর এবং দেশটির সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে এ হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক জাহাজ চলাচল ও পর্যবেক্ষণবিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের উপকূলীয় এলাকা লিমাহর পূর্বে একটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, ওমানের উপকূলের কাছে একটি ট্যাংকারে অজ্ঞাত স্থান থেকে একটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। এতে ট্যাংকারটিতে আগুন লেগেছে। হামলার সময় জাহাজটি দক্ষিণমুখে চলছিল। উপকূল থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে এ হামলার ঘটনা ঘটে।

ইউকেএমটিও জানিয়েছে, প্রজেক্টাইলটি ট্যাংকারটির বাম পাশে আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরানের সামরিক কমান্ডের অনুমোদিত পথ ছাড়া অন্য কোনো পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজকে ‘কঠোর জবাব’ দেওয়া হবে।

এর আগে সামরিক কমান্ড বলেছিল, হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়া বা নৌ চলাচলের প্রোটোকল অমান্য করার যেকোনো ঘটনার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে। এ নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোর নিরাপত্তার কোনো নিশ্চয়তা দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
পরবর্তী নিবন্ধবিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন