ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামে ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
শনিবার দিনব্যাপী কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে আয়োজিত জমজমাট এ খেলায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামের খেলোয়াড়রাও খেলায় অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতায় পুরো মাঠ সরগরম হয়ে ওঠে।প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ মাঠের চারদিকে ভিড় করেন। খেলাটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজক ও এলাকাবাসী আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত ও জনপ্রিয় করা এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।স্থানীয়রা বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের হাডুডু খেলাকে ঘিরে এমন আয়োজন এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।


