আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে।
এরই মধ্যে দলটির নেতারা ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইসলামাবাদ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পিটিআই নেতারা আগামী রোববার থেকে পদযাত্রা শুরু করবেন কি না, তা নিয়ে আলোচনা করেন। কেউ কেউ রোববার থেকেই ধীরে ধীরে ইসলামাবাদের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।
আবার কেউ কেউ কর্মসূচি আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা বলেছেন।
ইমরান খানকে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন। তার সঙ্গে কারাগারে কেমন আচরণ করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগের মধ্যে তার মুক্তির দাবিতে নতুন করে এ কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই।
এদিকে, পিটিআইয়ের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, ইমরান খানের কারাগারের পরিস্থিতির উন্নতি এবং তার মামলাগুলোতে ন্যায্য শুনানির সুযোগ নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সরকার উল্লেখযোগ্য ছাড় না দিলে তারা পদযাত্রা করবেন।
একই সঙ্গে, বিক্ষোভ ঠেকাতে সরকার ইসলামাবাদ অবরুদ্ধ করে রেখেছে এবং পিটিআইয়ের নেতাদের আটক করছে বলেও অভিযোগ করেন তিনি।


