অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন

জেলা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। এখন ইন্সপেক্টর (পরিদর্শক) পদমর্যাদার একজন পুলিশ কর্মকর্তা মামলাটির তদন্ত করবেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, অপ্রতিম হত্যার ঘটনায় করা মামলাটির প্রথমে তদন্ত শুরু করেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তবে মামলাটি এখন থেকে তদন্ত করবেন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। আজ-কালের মধ্যে মামলার যাবতীয় নথিপত্র হস্তান্তর করা হবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ বলেন, ‘পুলিশ সুপার কার্যালয় থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের আদেশ হয়েছে। নথিপত্র পাওয়ার পর তদন্ত কাজ শুরু করা হবে। আশা করি, শিগগির তদন্তের পর দ্রুততম সময়ে আদালতে মামলার অভিযোগপত্র দিতে পারবো।’

গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা নামক এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও অপ্রতিমের মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ এ পর্যন্ত জড়িত সন্দেহে সাইফুল ইসলাম তুহিন (১৯), দুই কিশোর ও সিয়ামকে (১৯) গ্রেফতার করে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুজনকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছেন আদালত। অপর দুজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের তিন সেনাপ্রধান
পরবর্তী নিবন্ধনিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক