নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তির (পিসিএ) ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট বা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সই হতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে উভয় পক্ষের সম্মতিতে এ চুক্তি সই হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর ইইউর পক্ষে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস সই করবেন।
ঢাকা-ব্রাসেলসের কূটনীতিকরা বলছেন, ইউরোপের ২৭ দেশের জোট ইইউর সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত চুক্তি করার ক্ষেত্রে আরেক দফা অগ্রসর হবে ঢাকা। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে পিসিএ চুক্তি চূড়ান্ত হতে পারে। সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে ঢাকা কিংবা ব্রাসেলসে শীর্ষ নেতাদের সফরে চূড়ান্ত চুক্তি সইয়ের উপলক্ষ্য নির্ধারণ হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তরা জানিয়েছেন, ইইউর আমন্ত্রণে পিসিএ-এর ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই করতে আগামী ১৯ এপ্রিল তুরস্ক থেকে ব্রাসেলস যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিদল। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ২০ এপ্রিল ব্রাসেলসে পিসিএ-এর ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই হবে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন এক কূটনীতিক জানান, পিসিএ নিয়ে দরকষাকষি শেষ। এখন যেটা হচ্ছে রাজনৈতিক সম্মতি। আমরা এটা করতে রাজি আছি, তারাও রাজি। এটা নিয়ে গত এক বছরে সিরিজ বৈঠক হয়েছে, টেক্সট চালাচালি হয়েছে, দরকষাকষি হয়েছে। এ বছরের জানুয়ারিতে আলোচনার মাধ্যমে উভয় পক্ষ চুক্তিটির খসড়া চূড়ান্ত করেছে। তখনই ইইউ প্রারম্ভিক চুক্তি করার জন্য আমাদের ইঙ্গিত দিয়েছিল। ইইউ বলছে, আমরা প্রারম্ভিক চুক্তিতে যেতে পারি, তোমরা আস; আমরাও রাজি হয়েছি। এখন যেটা হবে, এটাকে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট।
চূড়ান্ত চুক্তি হতে আরও সময় লাগবি জানিয়ে এ কূটনীতিক বলেন, সবকিছু ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে চুক্তি হতে আরও সময় লাগবে। এটার আরও দাপ্তরিক অনেক কাজ বাকি আছে। বিশেষ করে ইইউ অংশে বাকি আছে, ওদের প্রতিটি দেশের মতামত লাগে। আমরাও কাজ করছি। সব কাজ শেষ হয়ে গেলে চূড়ান্ত চুক্তি সই করার ক্ষেত্রটা দু’রকম হতে পারে। একটা হতে পারে আমাদের এখান থেকে শীর্ষ কোনো নেতার সফরের মধ্য দিয়ে, অথবা তাদের ওখান থেকে শীর্ষ কারও সফরের মধ্য দিয়ে হতে পারে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রাসেলস সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বেরজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ভিনসেন্ট ভ্যান পিটগিম, ইউরোপীয়ান কমিশনের কমিশনার ফর রিসার্চ একেতেরিনা জাহারিয়েভা ও ইউরোপীয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ডেভিড ম্যাকালিস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর নতুন করে ইইউ–বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে ওই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।


