নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের সরকারি উদ্যোগের
অংশ হিসেবে সৌর বিদুৎ স্থাপন নিয়ে কাজ করা ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ঋণ দেবে
সোনালী ব্যাংক পিএলসি। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ
কলেজের ছাদে স্থাপিত ১১৫ kWp ক্ষমতার অনগ্রিড সোলার সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ
তথ্য জানানো হয়।
এ উপলক্ষে স্টাফ কলেজ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে
৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সরকার যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসেবে সোনালী
ব্যাংকের এই ১১৫ kWp ক্ষমতার সোলার প্যানেল উদ্বোধন করা হলো।
সারাদেশে সোনালী ব্যাংকের যেসব নিজস্ব স্থাপনা রয়েছে সেখানে আমরা অন্তত ২৩০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। এজন্য ২০২৩০ সাল পর্যন্ত অপেক্ষা না করে আগামী জুনের মধ্যেই শুরু করতে হবে। শুধু লাভের জন্য নয়, দেশের সকল উন্নয়নের ব্যাপারে সোনালী ব্যাংক সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান বলেন,
এই সোলার প্যানেল স্টাফ কলেজের বিদ্যুতের চাহিদা মেটোবে। পরবর্তীতে প্রধান কার্যালয়সহ
ব্যাংকের নিজস্ব বিভিন্ন কার্যালয়ে সোলার প্যানেল স্থাপন করা হবে। গ্রিন ব্যাংকিংয়ের
আওতায় সোলার সিস্টেম উদ্যোক্তাদের আমরা সাপোর্ট দিয়ে থাকি।
সাধারণ গ্রাহকরা স্বল্প সুদে ঋণ নিয়ে সোলার সিস্টেম স্থাপন করে বিদ্যুতের যে ঘাটতি সেটা যাতে পূরণ করতে পারে এজন্য আমরা সহায়তা করব। সোলার প্যানেল নিয়ে যে ছোট ব্যবসায়ীরা কাজ করতে চায় তাদের আমরা ঋণ দিব।
সোনালী ব্যাংক শুধু মুনাফায় নয়, সকল ক্ষেত্রে শীর্ষ থাকবে বলেও আশাবাদ
ব্যক্ত করেন তিনি। স্টাফ কলেজের প্রিন্সিপাল ও জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. ফজলুল
হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ফ্যাকাল্টি, ব্যাংকের বিভিন্ন পর্যায়ের
নির্বাহী, সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


