
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে সোমবার (৪ মে)। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার তার মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে স্থানীয় সময় মঙ্গলবার হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল, লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র এবং পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত।


