নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসা আপত্তি বিশ্লেষণ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের ওপরও বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ নেওয়া হচ্ছে।
জানা গেছে, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপত্তি নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ শেষ হলেই এরপর তৃতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন। তারপর চূড়ান্ত জুলাই সনদ তৈরি করবে কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কমিশন সনদ চূড়ান্ত করতে চাই।
আজ (বৃহস্পতিবার) জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়ার ওপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে প্রাপ্ত মতামতগুলোর ওপর আগের দিন (বুধবার) শুরু হওয়া অসমাপ্ত আলোচনা অব্যাহত থাকে৷ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাওয়া মতামত বিশ্লেষণের পাশাপাশি সনদে অন্তর্ভুক্ত সিদ্ধান্তগুলোর ভাষাগত যথার্থতা পুনর্মূল্যায়ন করা হয়। এ ছাড়া সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা গ্রুপে অনানুষ্ঠানিক আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন কমিশনের সদস্যরা।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
গত ১৬ আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ-২০২৫ এর খসড়া পাঠানো হয়। এরপর রাজনৈতিক দলগুলো খসড়া ওপর নিজের মতামত পাঠায়।


