শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবু আর্জেন্টিনার ছন্দে তেমন টান পড়েনি।প্রথমার্ধে জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেস কাজটা অনেকটাই এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধে জর্ডান একবার ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও, শেষে এসে আলো ছড়ান মেসি।ফ্রি-কিক থেকে গোল করে গড়লেন বিশ্বকাপের আরেকটি রেকর্ড। তার গোলের পর পূর্ণ পয়েন্ট নিয়েই নকআউট পর্বে পা রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন লো সেলসো, লাউতারো ও মেসি।জর্ডানের একমাত্র গোলটি করেন মুসা আল তামারি।তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো আর্জেন্টিনা।
অভিষেক বিশ্বকাপে পয়েন্টের খাতা খুলতে পারেনি জর্ডান। তবে তিন ম্যাচেই গোল করে নিজেদের লড়াকু মানসিকতার ছাপ রেখেছে তারা।শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। গাঢ় নেভি জার্সিতে বিশ্বচ্যাম্পিয়নদের শুরুটা ছিল মাপা, কিন্তু দাপট ছিল বেশ।
জর্ডানও নিজেদের গুটিয়ে নেয়নি; প্রেসিংয়ে আগ্রাসন দেখিয়ে শুরুতে কিছুটা অস্বস্তিতে ফেলে আর্জেন্টিনাকে।অষ্টম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন লো সেলসো। হুলিয়ান আলভারেসের পাস ধরে জর্ডান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। তবে অফসাইডের পতাকা উঠায় গোলটি বাতিল হয়ে যায়।১৩তম মিনিটে প্রথম কর্নার থেকে সুযোগ পায় আর্জেন্টিনা।
জুলিয়ানো সিমিওনের আক্রমণ থেকে পাওয়া কর্নারে কাছ থেকে হেড নেন নিকোলাস ওতামেন্দি, কিন্তু লক্ষ্য খুঁজে পাননি অভিজ্ঞ ডিফেন্ডার।১৯তম মিনিটে ভাঙে জর্ডানের প্রতিরোধ। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। মূহন্নাদ আবু তাহার ট্যাকলে হলুদ কার্ড দেখানো নিয়ে সংশয় ছিল, রিপ্লেতে বলেই পা ছোঁয়ার ইঙ্গিতও মেলে। তবে সিদ্ধান্ত যায় আর্জেন্টিনার পক্ষেই। সেই ফ্রি-কিক থেকে গোলরক্ষকের পাশ
দিয়ে টপ কর্নারে দারুণ শটে বল জালে পাঠান লো সেলসো।প্রথমার্ধের মাঝপথে হাইড্রেশন ব্রেকের পরও চাপ ধরে রাখে আর্জেন্টিনা। ২৯তম মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর পাস ধরে বক্সে শট নিয়ে ক্রসবারে মারেন লাউতারো। ফিরতি বলে মার্কোস সেনেসির প্রচেষ্টাও লাগে বারে। ওই আক্রমণেই সেনেসির মাথায় পা লাগে নিজার আল-রাশদানের। ভিএআরে মনিটর দেখে পেনাল্টি দেন রেফারি।৩১তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে নিচু শটে বল জালে পাঠান ইন্টার মিলান ফরোয়ার্ড।


