আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের মাঝে টানা ১১তম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ইরানের পরমাণু বিষয়ক যাবতীয় সক্ষমতা সমূলে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
সোমবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম এবিসি নিউজ চ্যানেলের ‘গুডমর্নিং আমেরিকা’-তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারোলিন, সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, ইরানের পরমাণু বিষয়ক সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। ইতোমধ্যে মার্কিন বাহিনী হামলা শুরু করেছে এবং আমাদের উচ্চমাত্রায় বিশ্বাস আছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যেখানে লুকিয়ে রেখেছে, সেখানেও হামলা করা হবে।”
ক্যারোলিন আরও বলেন, “আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিয়েছেন। যথেষ্ট আত্মবিশ্বাস যদি তার না থাকতো, তাহলে এই নির্দেশ দিতেন না তিনি।”
- ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ‘‘ধ্বংস করে দিয়েছে’’ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানি কর্মকর্তারা।
ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও এখন টার্গেট করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি এক বিবৃতিতে বলেছেন, ‘‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসী সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ ও সেনাবাহিনীর বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ নেওয়ার জন্য মুক্ত। এ বিষয়ে আমরা কখনোই পিছপা হব না।’’


