নূর আলম সিদ্দিকী রাসেল,রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবি

ব্রিটিশ রাজনীতিতে এক নাটকীয় মোড়। গত সপ্তাহের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির নজিরবিহীন ভরাডুবির পর প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পতন এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ক্ষমতা কাঠামোতে যে কম্পন শুরু হয়েছে, তা এখন প্রকাশ্য বিদ্রোহে রূপ নিয়েছে। ১. অর্ধশত এমপির আল্টিমেটাম ও ‘অর্ডারলি ট্রানজিশন’: ওয়েস্টমিনিস্টারের সর্বশেষ খবর অনুযায়ী, লেবার পার্টির অন্তত ৫০ জন প্রভাবশালী এমপি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সরাসরি চাপ দিচ্ছেন। এই বিদ্রোহের নেতৃত্বে রয়েছেন হর্নসি অ্যান্ড ফ্রিয়ার্ন বারনেট আসনের এমপি ক্যাথরিন ওয়েস্ট।
তিনি আজ সকালেই একটি কঠোর চিঠি প্রকাশ করেছেন, যেখানে দাবি করা হয়েছে যে প্রধানমন্ত্রীকে আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি ‘সুশৃঙ্খল রূপান্তর’ (Orderly transition) বা পদত্যাগের নির্দিষ্ট সময়সূচী ঘোষণা করতে হবে। ক্যাথরিন ওয়েস্ট স্পষ্ট জানিয়েছেন, যদি স্টারমার সরে না দাঁড়ান, তবে তিনি আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় ৮১ জন এমপির স্বাক্ষর সংগ্রহের কাজ সম্পন্ন করবেন।
২. দুই মন্ত্রীর পদত্যাগ: সরকারের ভেতরে ধ্বস: প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে বড় আঘাতটি এসেছে আজ দুপুরে, যখন তাঁর মন্ত্রিসভার দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী যথাক্রমে সংসদীয় আন্ডার-সেক্রেটারি জশ সাইমন্স ও জনস্বাস্থ্য ও প্রতিরোধ বিষয়ক মন্ত্রী অ্যাশলি ডাল্টন । মন্ত্রিসভার এই ভাঙন প্রমাণ করে যে, প্রধানমন্ত্রীর ওপর তাঁর নিজের ক্যাবিনেটের নিয়ন্ত্রণও এখন শিথিল হয়ে পড়েছে। ৩. কেন এই পদত্যাগের দাবি? বিশ্লেষক হিসেবে আমি মনে করি, এই বিদ্রোহের পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে: স্হানীয় নির্বাচনী বিপর্যয়: গত ৭মে বৃহস্পতিবারের নির্বাচনে লেবার পার্টি ১,৪০০-এর বেশি কাউন্সিলর পদ হারিয়েছে এবং ওয়েলসের ক্ষমতাও হারিয়েছে।
রিফর্ম ইউকে-র উত্থান:নাইজেল ফারাজের রিফর্ম ইউকে লেবার পার্টির ঐতিহ্যবাহী ভোটব্যাংকে হানা দিয়েছে, যা এমপিদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। নেতৃত্বের ব্যর্থতা: বিদ্রোহীরা মনে করছেন স্টারমারের ‘বিরস’ নেতৃত্ব এবং ‘রিসেট’ করার ব্যর্থ চেষ্টা ভোটারদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। ৪. সম্ভাব্য উত্তরাধিকারী কারা? যদি স্টারমার পদত্যাগ করেন, তবে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন: অ্যান্ডি বার্নহ্যাম: ম্যানচেস্টারের জনপ্রিয় মেয়র। ক্যাথরিন ওয়েস্টের বিদ্রোহ মূলত বার্নহ্যামকে ডাউনিং স্ট্রিটে বসানোর একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। ওয়েস স্ট্রিটিং: বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, যিনি দলের ডান ও মধ্যপন্থী অংশের কাছে জনপ্রিয়।
অ্যাঞ্জেলা রেনার: উপ-প্রধানমন্ত্রী, যিনি তৃণমূল কর্মীদের কাছে শক্তিশালী ভিত্তি রাখেন। আইনি ও সাংবিধানিক বিশ্লেষণ: একজন আইনজীবী হিসেবে আমার পর্যবেক্ষণ হলো, লেবার পার্টির গঠনতন্ত্র অনুযায়ী ২০ শতাংশ এমপির সমর্থন পেলে যে কেউ বর্তমান নেতার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়তে পারেন। ক্যাথরিন ওয়েস্টের চিঠিতে বর্তমানে ৫০ জনের বেশি সায় রয়েছে এবং আজ বিকেলের ভাষণ ব্যর্থ হওয়ার পর এই সংখ্যা দ্রুত ৮০ ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আজকের দিনটি স্যার কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্বের ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকতে পারে। ডাউনিং স্ট্রিট থেকে তাঁর দেওয়া ‘অগ্নিঝরা’ ভাষণ বিদ্রোহীদের শান্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্রিটেনের রাজনৈতিক আকাশে এখন একটাই প্রশ্ন স্যার কিয়ার স্টারমার কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি তাঁকে বহিষ্কারের অপমান সইতে হবে?


