নিষেধাজ্ঞার চাপে ইরান, তবু পারমাণবিক কর্মসূচিতে অনড়

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার চাপে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির তেল রপ্তানি, উৎপাদন ও সরকারি রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতিও অর্থনীতিতে বড় চাপ তৈরি করেছে।

এর মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দেওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান।
সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর ইরানের বন্দরগুলো থেকে কোনো অপরিশোধিত তেল রপ্তানি হয়নি।

প্রতিষ্ঠানটি ২০১৩ সালে ইরানের তেল রপ্তানি পর্যবেক্ষণ শুরুর পর এই প্রথম কোনো এক মাসে দেশটির বন্দর থেকে অপরিশোধিত তেল ট্যাঙ্কারে তোলার তথ্য পাওয়া যায়নি।
কেপলারের হিসাব বলছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা ইরানের তেলের মজুতও দ্রুত কমেছে।

জুলাইয়ে যেখানে এই মজুতের পরিমাণ প্রায় ১০ কোটি ব্যারেল ছিল, তা কমে বর্তমানে প্রায় ১ কোটি ব্যারেলে দাঁড়িয়েছে বলে প্রতিষ্ঠানটির তথ্য।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই দেশটির বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংকট হিসেবে বর্ণনা করেছেন।

তবে অর্থনৈতিক চাপ সত্ত্বেও সরকার নতি স্বীকার করতে প্রস্তুত নয় বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।
রেজাই বলেন, জনগণের দুর্ভোগ সহ্য করার ক্ষেত্রে ইরান সরকারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিষেধাজ্ঞা মোকাবিলারও দেশটির বহু বছরের অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

কেপলারের নীতি ও ভূরাজনৈতিক ঝুঁকিবিষয়ক প্রধান মিশেল ব্রুহার্ড মনে করেন, ইরানের অনমনীয় অবস্থান থেকে বোঝা যায়, নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা এখনও অব্যাহত থাকতে পারে।

অর্থনৈতিক চাপের পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানোর কথাও জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলেছে, সাম্প্রতিক সংঘাতের সময় উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উৎপাদন যে হারে বাড়ানো হয়েছিল, তা এখন আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের বড় মজুত গড়ে তোলার কথাও জানিয়েছে তেহরান।

এদিকে হরমুজ প্রণালিতে পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি অন পিসে হামলার ঘটনায় ১২ নাবিক আহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্যাঙ্কারটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং আহত ১২ জনের ১১ জনই ভারতের নাগরিক।

পূর্ববর্তী নিবন্ধকৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
পরবর্তী নিবন্ধবৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না