নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান। ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি ইতোমধ্যে ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
শামীম আলম নোমান ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সময়ে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
শামীম আলম নোমান বলেন, দক্ষিণ খুরমা ইউনিয়নবাসীর প্রত্যাশা ও ভালোবাসাকে সামনে রেখে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে জনগণের সেবা করার সুযোগকে দায়িত্ব হিসেবে নিয়ে একটি শান্তিময়, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়বেন তিনি।তার কর্মপরিকল্পনায় ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
এর মধ্যে রয়েছে উন্নত রাস্তা নির্মাণ ও পরিষদের কর্মকাণ্ডে স্বচ্ছতা রাখা, ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার এবং নাগরিকদের চলাচল সহজ করা।শিক্ষা ও স্বাস্থ্য খাতেও নানা উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা, ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সেবা গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন।
পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের সহায়তা এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে তার কর্মপরিকল্পনায়। কৃষকদের উৎপাদন বাড়াতে সহযোগিতা এবং কৃষি উপকরণ ও সুযোগ-সুবিধা সহজলভ্য করার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।সামাজিক উন্নয়নের অংশ হিসেবে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শামীম আলম নোমান। তরুণদের কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
এ ছাড়া অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক সেবা সহজলভ্য করা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান তিনি। তার ভাষ্য, নির্বাচিত হলে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করবেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর উদ্দেশে শামীম আলম নোমান বলেন, আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিলে আমাদের ইউনিয়নকে একটি শান্তিময়, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


