আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কহলদিয়া গ্রামে চাঁদা না দেওয়ায় এক বৃদ্ধার বাড়িতে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে বাড়িতে তালা দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাবেয়া বেগম (৬৫) মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই গ্রামের মৃত রাজ্জাক শেখের স্ত্রী।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছোট ছেলে সৌদি প্রবাসী এবং বড় ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। বাড়িতে দুই ছেলের স্ত্রীকে নিয়ে তিনি বসবাস করেন। অভিযুক্তরা তার কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করেন।
১৯ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে অভিযুক্ত স্বপন শেখ (৩৫), পিতা-কামাল শেখ, জিলহক শেখ (৭০), নুরা শেখ (৬০), উভয় পিতা- মৃত কলম শেখ, আজিবুল শেখ (৩০), পিতা- মৃত হোসেন শেখ, সর্ব সাং- কহলদিয়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জগণ তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।
এ সময় ঘরে থাকা বাক্সে রাখা নগদ ৫ লাখ টাকা এবং আলমারিতে থাকা ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা, নিয়ে যায়। পরে তাকে ঘর থেকে বের করে ঘরে দুটি তালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চাঁদা না দিলে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ নিউজ লেখা পর্যন্ত বিবাদীদের বাড়িতে যাই এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


