জামিনে বেরিয়ে খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর ১ নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ আগস্ট) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় তার গতিরোধ করে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেল নিয়ে পুরানগড় ইউনিয়নের দক্ষিণ এলাকার একটি সড়ক দিয়ে যাচ্ছিলেন জাহেদ। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।

তখন তাকে ঘিরে ধরে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে তারা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সিএমপি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ওই তালিকার এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
পরবর্তী নিবন্ধআজ মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল