কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩)। নিখোঁজদের একজন নাফিসুল হক নিবিড় (২২)। তাদের সঙ্গে থাকা অন্য পর্যটকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসল করতে নামে।
এ সময় সাগরের ঢেউ ও স্রোতের টানে কয়েকজন পর্যটক ভেসে যান। তাদের পানিতে ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধারে এগিয়ে আসেন।স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকজনকে উদ্ধার করা হয়।
তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন।


