ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা

সুনামগঞ্জ প্রতিনিধি:


সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. আনামুল হক। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় ভোটারদের মধ্যে তাঁর পরিচিতিও রয়েছে বলে জানা গেছে।


আনামুল হকের পরিবারটির সঙ্গে ওয়ার্ডটির জনপ্রতিনিধিত্বের দীর্ঘ সম্পর্ক রয়েছে। তাঁর বাবা প্রয়াত আরশ আলী মেম্বার দুই মেয়াদে প্রায় ১০ বছর ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।


২০২১ সালের শেষ দিকে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হন আনামুল হকের চাচা আসকর আলী। নির্বাচিত হওয়ার পর তাঁর মৃত্যু হলে ওই পদটি শূন্য হয়। পরে ২০২১ সালের ২৯ ডিসেম্বর ওয়ার্ডটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


উপনির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আনামুল হক। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। এরপরও এলাকায় সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানান।


স্থানীয় কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে আনামুল হকের জনপ্রিয়তা আগের তুলনায় বেড়েছে বলে তাঁরা মনে করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের পাশাপাশি দীর্ঘদিনের সামাজিক যোগাযোগ ও পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ভোটের মাঠে আলোচনায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের প্রচার ও ভোটারদের সিদ্ধান্তের ওপর।


প্রার্থী হওয়ার বিষয়ে মো. আনামুল হক বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড করে আসছি। আমার বাবা ও চাচা এই ওয়ার্ডের মানুষের সেবা করেছেন। আমিও মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”


তিনি আরও বলেন, “আগেও নির্বাচনে অংশ নিয়েছি। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও মানুষের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়নি। বরং সেই অভিজ্ঞতা আমাকে আরও বেশি মানুষের কাছে যাওয়ার সুযোগ দিয়েছে। এবারও আমি ভোটারদের কাছে যাব এবং তাঁদের মতামত ও সমর্থন নিয়েই সিদ্ধান্ত নেব।”

পূর্ববর্তী নিবন্ধসালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে : প্রধানমন্ত্রী