সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী রহিম উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
সে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আঙ্গুর মিয়া ও আলীরাজ নামে দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে চরেরবন্দ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত রহিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ছাতক থানার সেকেন্ড অফিসার সঞ্জয় দত্ত জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যদের গ্রেফতার অভিযান চলছে।


