ছাতক সমিতি সিলেটের সংবর্ধনায় জিপিএ-৫ পাওয়া তানজিনা

সুনামগঞ্জ প্রতিনিধি :

‘মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা, হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার’—এই স্লোগানকে সামনে রেখে সিলেটে ছাতক সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী চন্দ্রনাথ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী তানজিনা আক্তার ইশফাকে বিশেষ সম্মাননা ও কৃতি সনদ দেওয়া হয়।

ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যয়ে পরিচালিত সামাজিক সংগঠন ছাতক সমিতি সিলেটের এ আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ তানজিনার কৃতিত্বের প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তানজিনা আক্তার ইশফা ছাতকের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর বাবা আলহাজ্ব বুলবুল আহমদ এবং মা কুলসুমা বেগম। এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনের পর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। তানজিনার এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, ছাতকের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার।

তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তানজিনা একজন আলোকিত মানুষ হিসেবে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবেন।অনুষ্ঠানে ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান, সংবর্ধনা আয়োজনের আহ্বায়ক এ.টি.এম. তারেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে তানজিনা আক্তার ইশফার সুস্বাস্থ্য, সুখ-শান্তি, উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোর
পরবর্তী নিবন্ধআকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৯৪, নিখোঁজ ৩০৪৮