কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ৩ তদন্ত কমিটি, ২ গেটম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

এদিকে এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে দুই গেটম্যানকে।

শনিবার (২১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, ভোরে পদুয়ার বাজার রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী মেইল ট্রেনটি মামুন পরিবহন নামে বাসটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।

এসময় বাসটিকে আধা কিলোমিটার নিয়ে যায় ট্রেনটি। বাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। পরে আরও পাঁচজন মারা যায়।
সাইফুল ইসলাম আরও জানান, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২টি লাশ রয়েছে। আহতদের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

এ ঘটনায় পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্ত করা হয়েছে দুইজন গেটম্যানকে।
এদিকে দুর্ঘটনার পর সকাল সাতটা ১৮ মিনিট থেকে চট্টগ্রামমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এসময় চট্টগ্রাম অভিমুখী চট্টগ্রাম মেইল কুমিল্লা স্টেশন ছেড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
পরবর্তী নিবন্ধকুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২