নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির সমাবেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পরবর্তীসময়ে বিস্ফোরণ ও রক্তপাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য আখতার হোসেন।
সেই সমাবেশে যোগ দিতে গিয়ে তিনি ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হন বলে সংসদকে অবহিত করেন।
স্পিকারের মাধ্যমে সরকারের কাছে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের রাজনৈতিক সভা-সমাবেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে দাঁড়িয়ে এসব কথা বলেন এনসিপি নেতা আখতার।
তিনি বলেন, বিদ্যুৎহীন অন্ধকারের মধ্যেই যখন মঞ্চে বক্তব্য চলছিল, তখন হঠাৎ করেই উপস্থিত শ্রোতা ও সাধারণ মানুষের মাঝখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়। এই শক্তিশালী বিস্ফোরণের ফলে সমাবেশস্থলে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আখতার হোসেন বলেন, বিস্ফোরণের তীব্রতায় বহু মানুষ রক্তাক্ত ও গুরুতর আহত হন এবং সমাবেশস্থলজুড়ে রক্তের দাগ ছড়িয়ে পড়ে। এই চরম বিশৃঙ্খল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করতে বাধ্য হন নেতৃবৃন্দ। পরে তারা আইনি সহায়তার জন্য স্থানীয় থানায় যান এবং পুরো বিষয়টি অবহিত করেন।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি দলের যেমন নির্বিঘ্নে সমাবেশ করার অধিকার রয়েছে, তেমনি বিরোধী দলগুলোরও একই ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সংবিধান নিশ্চিত করেছে। সেই গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই জুলাই মাসকে কেন্দ্র করে এনসিপি দেশব্যাপী ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির ডাক দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল সাভারে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম এমপি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে রহস্যজনকভাবে পুরো এলাকার বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও বিদ্যুৎ সরবরাহ সচল করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।


