ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপজুড়ে বিভিন্ন বিমান সংস্থা বোমা হামলার হুমকি পেয়েছে। এরমধ্যে অন্তত দুটি বিমান অন্য গন্তব্যে নিয়ে যাওয়া হয়। তবে যুক্তরাজ্য জানিয়েছে, এসব হুমকি ‘ভুয়া’ ছিল।

তবে যেহেতু একযোগে হামলার হুমকি দেওয়া হয়েছে তাই এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সবমিলিয়ে ১৯টি বিমান হামলার হুমকি পেয়েছিল। যারমধ্যে দুটি বিমান অন্যত্র অবতরণ করানো হয়। আর বাকি বিমানগুলো নিজ গন্তব্যে পৌঁছায়।

তবে অন্তত দুটি বিমান হুমকির জেরে উড্ডয়ন করেনি। পরে সেগুলোতে পুলিশ তল্লাশি চালায়। তবে হুমকি পাওয়া একটি বিমানেও এখন পর্যন্ত কোনো বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইদি আলেক্সান্ডার বলেছেন, ইউরোপজুড়ে বিমানগুলো ‘ভুয়া হামলার হুমকির’ শিকার হয়েছে। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি ইউরোপের স্বল্পসংখ্যক বিমান এ হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ ধরনের ভুয়া হুমকি মোকাবেলা করার জন্য যে নীতি বা পদ্ধতি আছে সেটি মানা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে এমন হুমকি।

এদিকে কোনো বিমান সংস্থা যদি হামলার হুমকি পায় তাহলে তারা সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ৭৮ কর্মকর্তার পদোন্নতি, হলেন এএসপি
পরবর্তী নিবন্ধশিশু-কিশোরদের মেধা বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ