সাভারে কথা কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপ পরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
তিনি রাজধানীতে এসবির এসআই পদে কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়।
পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি সাইফুল আলম বলেন, সন্ত্রাসীরা পুলিশ সদস্যকে মারধর করে হত্যা করেছে। তবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


