বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফরের আগেই চোটের কারণে ছিটকে যান নাহিদ রানা। তখন নানা আলোচনা শুরু হয়েছিল, তাকে ছাড়া লড়াই করতে পারবে তো টাইগাররা। তবে হাসান মাহমুদ ঠিকই তার সামর্থ্য দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক তিনি। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এই ডানহাতি পেসার।গত ১৩ আগস্ট ডারউইনে শুরু হওয়া টেস্টে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানেই গুটিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল। যেখানে ক্যারিয়ারের সেরা বোলিং করে হাসান নেন ৫৫ রানে ৬ উইকেট।
তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো বোলার এই প্রথম ন্যূনতম ৫ উইকেট নিলেন। টেস্টে মাশরাফির ৩, ওয়ানডেতে রুবেল আর টি-টোয়েন্টিতে তাসকিনের ৪ উইকেট ছিল এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশি বোলারদের এক ইনিংসে সর্বোচ্চ। তাদের ছাড়িয়ে গেছেন হাসান।প্রথম ইনিংস যেখানে শেষ করেছিলেন পরের ইনিংস সেখান থেকেই শুরু করেছেন হাসান। ২২৮ রানের লিড নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশকে প্রথম দুটো ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনিই। অস্ট্রেলিয়ার দুই ওপেনার তার শিকার হয়েই ড্রেসিংরুমে ফেরেন। এরপর সেঞ্চুরিয়ান ক্যামেরুন গ্রিনকেও ফিরিয়েছেন হাসান।

