নিজস্ব প্রতিবেদক
দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।
এ সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ, খামারি প্রশিক্ষণ এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির প্রাণ হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এজন্য প্রয়োজন সদিচ্ছা, সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পুষ্টিগতভাবে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। মেধাবী জাতি গঠনের স্বপ্ন পুষ্টির নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। প্রাণিজ আমিষ এক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। ফলে প্রাণিজ আমিষের উৎপাদন শুধু খাদ্যনিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত।
প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক অবদানের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।
তিনি জানান, বর্তমান সরকারের সময়ে ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত ক্রমেই রপ্তানিমুখী হয়ে উঠছে। এ খাতের বিকাশে সব ধরনের নীতিগত ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে প্রাণিসম্পদ খাতের সাফল্যের জন্য খামারিদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
রপ্তানি সম্ভাবনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। এভাবে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে বের করতে হবে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণেরও বিশাল সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করতে প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনার ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারি প্রশিক্ষণ ও গবেষণার উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে একদিকে দেশের স্বনির্ভরতা বাড়বে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
পোলট্রি খাতের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।


