লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

এ সময় মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময়ের অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরকে ‘লোন হান্টিং মাস’ ঘোষণা সোনালী ব্যাংকের
পরবর্তী নিবন্ধপার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী