শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে ইচ্ছা প্রকাশ করেছেন, তা ভারতের কাছে পাঠানো প্রত্যর্পণ আবেদনের বিষয় থেকে আলাদা বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে কীভাবে ফিরবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা সময়সীমা জানায়নি ভারত সরকার।ফলে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হয়েছে।বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ বিদ্যমান আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে।তবে একজন নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা এবং প্রত্যর্পণের আবেদন দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে প্রত্যর্পণের অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে।তবে কোনো নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আবেদন থেকে ভিন্ন বিষয়।’এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয় বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

তবে প্রত্যর্পণ আবেদনের বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত আসতে পারে, সে সম্পর্কে কোনো সময়সীমা জানাননি তিনি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে দুই বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণ নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনার ফেরার বিষয়ে বাংলাদেশের অবস্থান ভিন্ন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত যাত্রী হিসেবে তার ফেরার ব্যবস্থার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হতে পারে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, একজন ‘সন্ত্রাসীকে’ প্রত্যর্পণ ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশকে তিনি বাস্তব পরিস্থিতির সঙ্গে অসংগতিপূর্ণ বলেও মন্তব্য করেন।শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার জানান, বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছেন তিনি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা।

টানা ১৫ বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।এদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্য যেকোনো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামির মতোই তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধবাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের