নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাসটিতে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কি না এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।


