ইরানকে এখনই হুমকি মনে করছেন না আইজেনকট, দ্বিমত নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকট। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্টে এক সংবাদ সম্মেলনে আইজেনকট বলেন, ইরানের হুমকি ইসরায়েলের জন্য সবচেয়ে গুরুতর।

তবে, নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক কোনো হুমকি দেখছেন না তিনি।

অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলকে ঘিরে গুরুতর ও বড় ধরনের হুমকির কথা তুলে ধরেছেন।

এসব হুমকিকে ছোট করে দেখার জন্য আইজেনকটের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, কেউ এমন করলে তা রাজনৈতিক উদ্দেশ্যেই করেন। একই সঙ্গে, জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এদিকে, নতুন সরকার গঠন নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের দলের মধ্যে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। গত রোববার দুই দলের প্রতিনিধিদের বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হার্জলিয়ার একটি হোটেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও আইজেনকটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা বৈঠক করেন।

বৈঠকে নতুন সরকারের নেতৃত্ব কে দেবেন এবং কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির সরকারে থাকবেন কি না, তা নিয়ে মতবিরোধ দেখা দেয়।

লিকুদ পার্টি বেন-গভিরকে সরকারে রাখতে চায়। অন্যদিকে, ইয়াশার পার্টি তাকে বাদ দেওয়ার পক্ষে।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ