রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ দ্বিতীয়বার জাতীয় গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ শুরু

জেলা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক (পিডি) ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যম ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যায়ে টানা ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এসময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে। এসব পরীক্ষার মাধ্যমে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ও জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিচালন ব্যবস্থা যাচাই করা হবে।

এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। ওইদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করা হয়।

প্রথম দফার পরীক্ষায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে কারিগরি প্রক্রিয়ার অংশ হিসেবে উৎপাদন কমিয়ে আনা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম রূপপুরের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনকে দেশের জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

পূর্ববর্তী নিবন্ধঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
পরবর্তী নিবন্ধব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা